দেশের ৬৪টি জেলার ৬৮টি স্থানে এবং উপজেলাগুলোর ৪৯২টি স্থানে সবমিলিয়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হবে। এ জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৬২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে সৌদি আরব সরকার ৮ হাজার ১৬৯ কোটি ৭৯ লাখ টাকা অনুদান দেবে। মডেল মসজিদগুলোতে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, পাঠাগার, দাওয়া ওয়াল কার্যক্রম, পবিত্র কোরআন পঠন ও তাহফিজ, শিশুদের শিক্ষা সুবিধা, নারী ও পুরুষের জন্য পৃথক অজু ও নামাজ ঘর, অতিথিশালা, বিদেশি পর্যটকদের ভ্রমণ সুবিধা, মৃতদের গোছল করানো এবং হজযাত্রী ও ইমামদের প্রশিক্ষণ সুবিধা থাকবে। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ২০১৯ সালের ডিসেম্বরের মধ্যে এ মসজিদগুলো নির্মাণের লক্ষ্য রয়েছে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বিস্তারিত জানিয়ে বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বর্তমানে দেশে ১৬ কোটি মানুষের মধ্যে শতকরা প্রায় ৯০ ভাগ মুসলিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলা ও উপজেলায় ১টি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করছেন। এটি দেশের ইতিহাসে ধর্মীয় খাতে এককভাবে সর্বোচ্চ ব্যয়ের প্রকল্প। জানা যায়, গেলো বছর জুনে প্রধনমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরকালে সৌদি সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনায় প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ নির্মাণে আর্থিক সহায়তার বিষয়টি জানায় সৌদি আরব। এ প্রেক্ষিতে এ প্রকল্পটি নেওয়া হয়েছে।
গতকাল অনুষ্ঠিত একনেক বৈঠকে ২০ হাজার ৪শ ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
