‘শিল্পীদের পাশে দাঁড়াতেই চাই বলেই নির্বাচন করছি’: রিয়াজ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১০:৫৩
 
চলচ্চিত্র থেকে অনেকদিন দূরে আছেন চিত্রনায়ক রিয়াজ। ব্যক্তিগত ব্যবসার পাশাপাশি ছোটপর্দা নিয়েই ব্যস্ত ছিলেন। তবে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেল থেকে নির্বাচন করছেন তিনি। এ প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
 
‘চলচ্চিত্র শিল্পী সমিতি’ নির্বাচন নিয়ে আবারো চলচ্চিত্র প্রসঙ্গে আলোচনায় এসেছেন আপনি। এ প্রসঙ্গে একটু জানতে চাই—
 
আমি ‘মিশা সওদাগর-জায়েদ খান’ প্যানেল থেকে নির্বাচন করছি। অনেকদিন চলচ্চিত্রের বাইরে ছিলাম, এটা ঠিক। কিন্তু আলোচনায় আসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। এবার নির্বাচন করছি, কারণ আমার মনে হয়েছে আমি যে প্যানেল থেকে নির্বাচন করছি তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট, তাই নির্বাচন করছি।
 
আপনার ব্যক্তিগত পরিকল্পনা প্রসঙ্গে বলুন—
 
আমি শিল্পীদের পাশে দাঁড়াতেই চাই বলেই নির্বাচন করছি। কারণ আমি দেখেছি বিগত সময়গুলোতে সমিতি শিল্পীদের নিয়ে তেমন পরিকল্পনা করেনি। তাদের কাজ ছিল কেবল কেউ মারা গেলে জানাজার খবর দেওয়া অথবা কোনো মিলাদ মাহফিলের খবর দেওয়া।
 
বিগত সময়গুলোতে শিল্পী সমিতির সচল অবস্থা উল্লেখ করার মতো ছিল না। সেই জায়গা থেকে এবার নির্বাচন হলে আপনারা কতটুকু সচল থাকবেন?
 
আমি এর আগে এ বিষয়টি বলছিলাম। আমার চোখেও এমন কোনোকিছু পড়েনি। তাই আমি চাইছি এবার যেহেতু সুযোগ পেয়েছি, নির্বাচনে জয়ী হলে এ বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই। আর শিল্পীদের জন্য কাজের ব্যবস্থা করারও পরিকল্পনা রয়েছে। কারণ দেখবেন যে অনেক শিল্পী কিন্তু বেকার হয়ে গেছেন। এছাড়া অনেক শিল্পী এফডিসি থেকে বিমুখ। আমিও বিমুখ ছিলাম। কিন্তু আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যে, এফডিসি ঢুকলেই সবাই এটিকে পরিবারের মতোই আবারো মনে করবেন।
 
যৌথ প্রযোজনার অনিয়ম নিয়েও এর আগে শিল্পী সমিতির পদক্ষেপ ছিল। কিন্তু এর সুষ্ঠু কোনো ফল পাওয়া যায়নি। আপনারা জয়ী হলে এ বিষয়ে কী পদক্ষেপ নেবেন?
 
আমার মনে হয় এ বিষয়ে অনেক আগেই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। কারণ অনিয়ম কখনো ভালো নয়। আর শিল্পী সমিতির মানুষই যদি যৌথ প্রযোজনার ছবি করেন তাহলে প্রতিবাদ কে করবেন! এ বিষয়টির ঘাটতি ছিল। তবে আমরা এ বিষয়টি নিয়ে এখন থেকেই সোচ্চার। আমরা বিষয়টি নিয়ে শক্ত অবস্থানে যাবো।
 
যেহেতু নির্বাচন করছেন, তাহলে কী আপনাকে আবারো চলচ্চিত্র নিয়মিত পাবেন ভক্তরা?
 
আমি চলচ্চিত্র করতে চাই। কারণ আমি এই গণ্ডির মানুষ। ভালো গল্প হলে আমি অভিনয় করবো।
 
ইত্তেফাক/আনিসুর