নিউ মার্কেট এলাকার ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০০:১৪

রাজধানীর নিউ মার্কেট এলাকার ফুটপাত থেকে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব এবং মামুন সরকারের নেতৃত্বে গতকাল বুধবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানে নিউমার্কেট এক নম্বর গেট থেকে শুরু করে ঢাকা কলেজের গেট এবং ঢাকা কলেজের উল্টোপাশ থেকে শুরু করে নীলক্ষেত মোড় পর্যন্ত এলাকার ফুটপাতের অবৈধ দোকানপাট তুলে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব বলেন, গুলিস্তানের ফুটপাতের মতই নিউমার্কেট এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে। আমাদের নির্দেশনা অনুযায়ী যারা আগে মালামাল নেয়নি, তাদের মালামাল জব্দ করা হচ্ছে। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

গুলশানে অস্ট্রেলিয়া হাই কমিশনের সামনের ফুটপাত দখলমুক্ত

এদিকে গতকাল সকালে গুলশানে অস্ট্রেলিয়া হাই কমিশনের সামনের ফুটপাত দখলমুক্ত করেছে উত্তর সিটি করপোরেশন। গুলশান নর্থ এভিনিউয়ের পাশের ফুটপাত থেকে ৩৩টি কংক্রিটের প্ল্যান্টার ব্লক অপসারণ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ফুটপাতে হাঁটা নাগরিকদের অধিকার। ফুটপাতে এসব স্থাপনা থাকায় পথচারীদের হাঁটাচলায় সমস্যা হচ্ছিল। হাই কমিশন কর্তৃপক্ষ নিজ উদ্যোগে আগামী ৭ মে হাই কমিশনের পেছনের ফুটপাত এবং দক্ষিণ দিকের ফুটপাত থেকে লোহার পোলসহ অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করবে।

ইত্তেফাক/নূহু