‘লাকী ভাইয়ের গানগুলোর আর্কাইভ করছি’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১০:৩০
 
কিছুদিন আগেই চলে গেলেন বাংলা গানের জাদুকর লাকী আখান্দ। গুণী এই মানুষটির জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘যেখানে সীমান্ত তোমার।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। তবে এই গানটি ছাড়াও লাকী আখান্দের আরো অনেকগুলো গান করেছেন কুমার বিশ্বজিৎ।সেই গানগুলো এবার সমন্বয় করছেন তিনি।
 
বিশ্বজিৎ বলেন, ‘লাকী ভাইয়ের প্রায় ১০-১২টি গান আমি করেছি। সেই গানগুলো আমি সমন্বয় করবো। মূলত লাকী ভাইয়ের গানগুলো আর্কাইভ করছি। কারণ তার প্রতিটি গানই অনবদ্য। তাই এগুলো যদি একত্রিত না করা হয় তবে হয়তো এক সময় হারিয়ে যেতে পারে। গুণী এই মানুষটি হয়তো আমাদের মাঝে নেই। কিন্তু তার সৃষ্টিগুলো আমাদের মাঝে বেঁচে থাকুক আজীবন।’
 
গানগুলো নিয়ে কোনো অ্যালবাম করা হবে কি-না? এমন প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ আরো বলেন, ‘এখন পর্যন্ত অ্যালবাম করবো কি-না সেই পরিকল্পনা করিনি। আমি আগে সবগুলো গান হাতে পাই। এরপর পরিকল্পনা করবো এগুলো কিভাবে সংগৃহীত রাখা যায়।’
 
লাকী আখান্দকে নিয়ে এই কাজটি ছাড়াও কুমার বিশ্বজিৎ অনেকদিন ধরেই একটি ফোক গানের অ্যালবামের কাজ করছেন।
 
নতুন এই অ্যালবাম প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যালবামের অর্ধেক কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এখানে ঐতিহ্যবাহী কিছু গান থাকবে, পাশাপাশি নতুন কিছু যোগ হবে। বেশ যত্ন করেই করছি। আশা করি ভালো কিছু হবে।’
 
ইত্তেফাক/আনিসুর