৪৭ দিন পর হিমালয় থেকে তাইওয়ানিজ পর্বতারোহী উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:০১
প্রেমিকাসহ নিখোঁজ হওয়ার ৪৭ দিন পর তাইওয়ানের ২১ বছর বয়সী এক পর্বতারোহীকে হিমালয়ের দুর্গম অঞ্চল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নেপালের ধাদিং জেলার টিপলিং গ্রামের কাছে সাড়ে আট হাজার ফুট উচ্চতায় একটি গভীর খাদ থেকে ট্রেকার যুবক লিয়াং শেং ইয়েহকে উদ্ধার করে অধিক উচ্চতায় অনুসন্ধানে নিয়োজিত কর্মীরা। এসময় পাশের একটি স্থানে লিয়াংয়ের ১৯ বছর বয়সী প্রেমিকা লিউ চেন চুনের মৃতদেহ খুঁজে পায় উদ্ধারকারীরা।
 
উদ্ধারের পর ওই যুবককে কাঠমুন্ডুর গ্র্যাণ্ডি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সে শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে কথা বলছে বলে চিকিৎসক জানিয়েছেন।
 
নেপালে বিবিসি’র প্রতিবেদক সুরেন্দ্র ফুয়ালকে চিকিৎসক সঞ্জয় কারকি জানান, ‘তার প্রেমিকা তিনদিন আগে মারা গেছে বলে জানিয়েছে লিয়াং। তবে শরীরে গুরুতর আঘাত না পেলেও পোকামাকড়ের কামড়ের চিহ্ন দেখিয়েছে সে।’ চিকিৎসক আরো বলেন, ‘নিখোঁজের সাত সপ্তাহে লিয়াংয়ের ৩০ কেজি ওজন কমেছে। উদ্ধারের সময় তার মাথা ভর্তি উকুন ছিল এবং পা শূককীটে ঢাকা ছিল। ধারণা করা হচ্ছে সে পানি এবং লবণের ওপর নির্ভর করে টিকে ছিল।’
IMG0
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই যুগল গত ফেব্রুয়ারিতে ভারত থেকে নেপালে যায়। নেপালের ধাদিং গ্রামে ৯ মার্চ তাদের শেষবারের মতো দেখা যায়। সেখানে তারা ভারী তুষারপাতের সময় ট্রেকিংয়ে যায়। গত ১০ মার্চ থেকে ওই প্রেমিক যুগল নিখোঁজ ছিল বলে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু