মেহেরপুরে চেয়ারম্যান হত্যা মামলায় এক আসামির ফাঁসির আদেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:৫১
 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাকি হত্যা মামলায় আসামি রওশন আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।একই মামলায় অপর একটি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা আসামির অনুপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন। দণ্ডিত রওশন গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের নায়েব আলী মণ্ডলের ছেলে।
 
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ১৩এপ্রিল রওশন ও তার সঙ্গীরা কাজিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল বাকিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল কলেজ সংলগ্ন এলাকায় গুলি করে হত্যা করে। এব্যাপারে নিহতের ভাই সাজ্জাদুল স্বপন গাংনী থানায় একটি মামলা করেন। এতে ১৬ জনকে আসামি করা হয়।
 
মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন গাংনী থানার ওসি ইউসুফ আলী তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করেন। দীর্ঘদিন বাদী ও  বিবাদী পক্ষের সাক্ষী ও আইনজীবীর যুক্তিতর্ক শেষে আসামি রওশন আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। অপর আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এপিপি কাজী শহীদুল ইসলাম এবং বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
 
ইত্তেফাক/জামান