আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'দেশের রাজনীতিকে দুর্বৃত্তায়ন ও বনিকায়ন করেছিলেন জিয়াউর রহমান। তার স্ত্রী, বিএনপি নেত্রী (খালেদা জিয়া) তাকেও ছাড়িয়ে গিয়ে রাজনীতিতে জঙ্গি, মাস্তান এবং বোমারুদের অনুপ্রবেশ ঘটিয়েছেন।'
তিনি বলেন, 'তারা (বিএনপি) আগামী নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে। যদি নির্বাচনে অংশ গ্রহণ না করে তাহলে তাদের অবস্থা মুসলিম লীগ এবং জাসদের মতো হবে।'
শেরে বাংলা একে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তিন নেতার মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগ ও যুক্তফ্রন্ট আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার উচ্চ শিক্ষার স্বীকৃতি প্রসঙ্গে ড. হাছান বলেন, 'কওমী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে যাতে সেখানকার শিক্ষার্থীরা শিক্ষার মূল ধারার সঙ্গে যুক্ত হতে পারে সেজন্য প্রধানমন্ত্রী দীর্ঘ আট বছরের প্রক্রিয়া শেষে এই স্বীকৃতির ব্যবস্থা করেছেন।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল। আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ জাতীয় গণতান্ত্রিক লীগ ও যুক্তফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
