ম্যাথুজের দৃষ্টিতে ইউনুস অবিশ্বাস্য

আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৬:৩৩
সদ্যই পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইউনিস খানের প্রশংসা করেছেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ইউনিসকে অবিশ্বাস্য খেলোয়াড়ের উপাধি দিয়ে ম্যাথুজ বলেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে সকল গুনই ইউনুসের মধ্যে রয়েছে। ক্রিকেট অঙ্গনে এক অবিশ্বাস্য ব্যাটসম্যান সে। ১০ হাজার রানের কীর্তির জন্য তাকে অভিনন্দন জানাচ্ছি।’
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০ হাজার রানের মাইলফলক র্স্পশ করেন ইউনুস। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ১০ হাজার রানের ক্লাবে প্রবেশের পর অভিন্দন ও প্রশংসার জোয়াড়ে ভেসেছেন ইউনিস। এবার ইউনুসকে অভিন্দন ও তার প্রশংসা করলেন ম্যাথুজ। তিনি বলেন, ‘সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়। সে আমার প্রথম টেস্ট উইকেট, তাকে ভুলে যাওয়া কঠিন। তার বিশেষ কিছু গুন রয়েছে। ইউনিসের মধ্যে চমৎকার ব্যক্তিত্ব রয়েছে। আমি তার অনেক প্রশংসা করি। ১০ হাজারের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। এমন মাইলফলকে সবাই অর্জন করতে পারে না।’
 
২০০০ সালে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ঘটে ইউনিসের। রাওয়ালপিন্ডিতে ঐ অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে, ব্যাট হাতে বিশ্বকে শাসণ করার ইঙ্গিত দেন ইউনুস। এরপর দলের সেরা ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে ১১৬টি টেস্ট খেলে ফেলেন ইউনিস। এরমধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯টি ম্যাচে ২২৮৬ রান করেছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে ৮টি সেঞ্চুরি ও ৬টি হাফ- সেঞ্চুরি রয়েছে ইউনুসের। 
 
তবে ২০১৫ সালে পাল্লেকেলের টেস্টের দ্বিতীয় ইনিংসটি ইউনিসের সেরা বলে মনে করেন ম্যাথুজ। কারন ঐ টেস্টের চতুর্থ ইনিংসে ম্যাচ জয়ের জন্য পাকিস্তান টার্গেট পায় ৩৭৭ রান। সেই রান পাকিস্তান টপকে গিয়েছে ইউনিসের অবিশ্বাস্য ইনিংসের কল্যাণে। ২৭১ বলে অপরাজিত ১৭১ রান করে পাকিস্তানকে অবিস্মরনীয় জয় এনে দেন ইউনুস। ঐ জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেও নেয় পাকিস্তান। 
 
তাই ইউনুসের ঐ ইনিংসের প্রশংসা করে ম্যাথুজ বলেন, ‘ঐ টেস্ট জয়ের ব্যাপারে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলাম। ঐ অবস্থায় যেকোন অধিনায়ক জয়ের স্বপ্নই দেখবে। ম্যাচ জয়ের জন্য ভিন্ন পরিকল্পনা নিয়েই খেলতে নেমেছিলো ইউনুস। তার পরিকল্পনা দুর্দান্তভাবে কাজে দিয়েছে এবং আমাদের কাছ থেকে ম্যাচ কেড়ে নেন তিনি। তার ঐ ইনিংসটি অবিশ্বাস্য ছিলো। আমাদের বিপক্ষে আমার দেখা কোন খেলোয়াড়ের এটিই সেরা ইনিংস। ১৩ রানের মধ্যে তাদের ২ উইকেট ফেলে দিয়েছিলাম আমরা এবং জয় ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না। কিন্তু ইউনিস আমাদের সব আশা মাটি করে দেয়। চাপের মধ্যে কিভাবে ব্যাটিং করতে হয়, দারুন এক উদাহরণ ইউনিসের ঐ ইনিংসটি।’
 
শ্রীলঙ্কার বিপক্ষে ইউনিসের আরও একটি দুর্দান্ত ইনিংস রয়েছে। ২০০৯ সালে করাচি টেস্টে ৩১৩ রান করেছিলেন ইউনিস। ঐ স্কোরটি এখনও ইউনিসের ক্যারিয়ারের সর্বোচ্চ রান। পেসারদের রাজ্যে ১২ ঘন্টা ব্যাটিং করে ট্রিপল সেঞ্চুরি হাকাঁন ইউনুস। তার ঐ ইনিংসের পর হতাশ সুরে তখনকার শ্রীলংকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘ভবিষ্যতে পেসারদের দূরবীন দিয়ে খুঁজতে হবে।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা