নতুন প্রজন্মের বলিউড তারকাদের ‘চামচা’ বললেন ঋষি কাপূর

আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৭:৩৬
বৃহস্পতিবার রাতে প্রয়াত হয়েছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা বিনোদ খন্না। তার শেষযাত্রায় অমিতাভ বচ্চন, ঋষি কাপূর, ড্যানি, কবীর বেদী, সরোজ খান-সহ এক ঝাঁক বলিউডি ব্যক্তিত্ব হাজির ছিলেন। কিন্তু এই প্রজন্মের প্রায় কোনও তারকারই দেখা মেলেনি। তা নিয়েই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন ঋষি কাপূর। অথচ তার আগের রাতেই প্রিয়ঙ্কা চোপড়ার পার্টিতে হাজির হয়েছিলেন বি-টাউনের প্রথম সারির প্রায় সব তারকাই। 
 
বিনোদের ম়ৃত্যুতে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন এ প্রজন্মের তারকারা। ওর পরিবারের পাশে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন মনে করেননি বলে মত ঋষির।
 
 
তার ক্ষোভ, এই তথাকথিত তারকারা ‘চামচা’ প্রকৃতির। পার্টিতে যেতে পারেন, অথচ কারও শেষযাত্রায় উপস্থিত হতে পারেন না। এদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। 
 
শাহরুখ খানের সঙ্গে ‘দিলওয়ালে’, সলমন খানের সঙ্গে ‘দাবাং’-এ অভিনয় করেছিলেন বিনোদ। কিন্তু তার শেষযাত্রায় ছিলেন না এদের কেউই। বরং অমিতাভের সঙ্গে হাজির ছিলেন অভিষেক বচ্চন।
 
 
ঋষি কাপূরের কথায়, এখন তো মনে হচ্ছে মরার আগে আমারও প্রস্তুতি নেওয়া দরকার। কেউ আমাকে কাঁধ দেবে না। আজকের তথাকথিত তারকাদের প্রতি রাগ হচ্ছে। গত রাতে  তো প্রিয়াঙ্কা চোপড়ার পার্টিতে যোগ দিয়েছিলেন অনেকে। তাঁদেরও দেখা গেল না।
 
 
তবে গতকাল বিনোদের শেষযাত্রায় অনুপস্থিত ছিলেন ঋষির ছেলে রণবীর কাপূর। সেই প্রশ্ন উঠলে তিনি জানান, রণবীর ও ঋষিপত্নী নীতু বিদেশে থাকার কারণে তারা উপস্থিত থাকতে পারেননি।
 
ইত্তেফাক/রেজা