বিএনপি-জামায়াত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে এদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে চায় বলে দাবী করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জ নদী বন্দরের পাঁচ নম্বর ঘাটে বিআইডব্লিউটিএ'র আয়োজনে ড্রেজিং ও নৌ-পথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি করেন। শাজাহান খান বলেন, 'বর্তমানে জঙ্গি একটি বৈশ্বিক সমস্যা হলেও এই বিএনপি-জামায়াত জোট সরকারের হাত ধরেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে।'
নারায়ণগঞ্জের দুই জন সাংসদের দাবীর প্রেক্ষিতে খানপুরে একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দর ঘাটের জন্য একটি ফেরি দেওয়ার ঘোষণা দেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের দাবীর প্রেক্ষিতে ফেরি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের আবদারে কন্টেইনার টার্মিনাল নির্মাণের অঙ্গীকার করেন তিনি।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমোডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ছরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।
