৩২৮ কেজি ওজন কমেছে ইমানের, আবুধাবিতে পরবর্তী চিকিৎসা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১১:৫১
মিশরের ৩৬ বয়সী স্থূলকায় নারী ইমান আহমেদ চিকিৎসার জন্য যখন ভারতে মুম্বাই আসেন তখন তার ওজন ছিল ৫০৪ কেজি। সেসময় অনেক রোগে আক্রান্ত ছিলেন এবং ঠিকমতো হাঁটতেও পারতেন না তিনি। তবে মুম্বাইয়ের সইফি হাসপাতালে অস্ত্রোপচারের পর তার ওজন এখন ১৭৬.৬ কেজি বলে জানিয়েছেন ডাক্তাররা। তারা আরো জানান, এখানে আপাতত ইমানের চিকিৎসা শেষ, এবার আবুধাবির বুর্জিল হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা চলবে।
 
তবে চমকপ্রদ খবর হচ্ছে, এবার আর মালবাহী বিশেষ বিমানে করে যেতে হবেনা ইমানকে। যাত্রীবাহী বিমানের বিজনেস ক্লাসের আসনে বসেই তিনি মুম্বাই ছাড়বেন বলে জানালেন সইফি হাসপাতালের বেরিয়াট্রিক সার্জারি বিভাগের সেকশন চিফ অপর্ণা ভাস্কর।
 
আবুধাবিতে ফিজিওথেরাপি ও স্নায়ুর কিছু চিকিৎসা চলবে ইমানের। ক’দিন আগেই ইমানের বোন সাইমা সেলিম দাবি করেন, মুম্বাইয়ের হাসপাতালে ইমানের ওজন কমেনি। তাই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হবে না। ইমানের চিকিৎসার দায়িত্বে থাকা বেরিয়াট্রিক সার্জন মুফজ্জল লকড়াওয়ালাকে সাইমা বলেছিলেন, ‘চিকিৎসকদের সমস্ত দাবি মিথ্যে।’ অভিযোগ উড়িয়ে চিকিৎসকেরা জানিয়ে দেন, ইমানের ওজন কমেছে ৩০০ কেজিরও বেশি। খিদে কমাতে পাকস্থলীও ছোট করা হয়েছে। ক্ষুব্ধ চিকিৎসকেরা বলে দেন, সইফি হাসপাতালে আরও কিছুদিন থাকার সুযোগ পেতেই এমন অভিযোগ করছেন সাইমা। 
 
সাইমার অনুরোধে এর পর গত বুধবার ইমানকে দেখতে মুম্বাই আসেন আবুধাবির এক চিকিৎসক দল। তাদের সঙ্গে আলাপকালে বেরিয়াট্রিক সার্জারির সেকশন চিফ বলেন, ‘অস্ত্রোপচার সফল। ইমানের অবস্থা স্থিতিশীল। আমাদের ডাক্তারেরা দারুণ কাজ করেছেন। তবে অন্যান্য জটিলতা থাকায় এখনই বাড়ি ফিরতে পারবেন না ইমান। পরবর্তী চিকিৎসার জন্য তাকে আবুধাবিতে প্রেরণ করা হচ্ছে।’ ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/সেতু