বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, 'জনগণের সরকার না হলে সেই সরকার হয় দুর্বল, আর তখনই জঙ্গিবাদ বৃদ্ধি পায়। এই সরকারের আমলে তাই হয়েছে। জনগণের সরকার প্রতিষ্ঠা হলে জঙ্গিবাদের কোন সুযোগ থাকবে না।'
তিনি বলেন, 'আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শুনে মনে হয়, জঙ্গিবাদ সম্পর্কে তার ভালো ধারণা আছে। কিসে জঙ্গিবাদ কমবে আর কিসে কমবে না, সেটা তিনিই জানেন।'
শনিবার দুপুরে পাবনা জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাওরের দুর্গত এলাকা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে নজরুল ইসলাম খান বলেন, 'হাওরের দুর্গত এলাকায় বিএনপি মহাসচিব গেছেন, মানুষকে সহায়তা করেছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো যাননি। ফলে হাওর নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে তার বক্তব্য কেউ গ্রহণ করেনি।'
এর আগে পাবনা শহরের দোয়েল কমিউনিটি সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, জেলা বিএনপির সভাপতি মেজর (অব:) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা, কেন্দ্রীয় বিএনপির সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সভাপতি মাহফুজা করিম বিনু, সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নি প্রমুখ।
ইত্তেফাক/জামান
