তিন তালাককে ইস্যু করে রাজনীতি বন্ধের আহ্বান মোদীর

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৯:৫১
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুসলিম নারীদের বিরুদ্ধে যে তিন তালাকের প্রচলন রয়েছে তার অপব্যবহার রুখতে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। তিনি বলেন,আমরা চাই নারীরা যেন তাদের যথার্থ ন্যায়বিচার পান। তবে একে ব্যবহার করে যদি কেউ রাজনীতির খেলা করেন তা কখনোই মেনে নেওয়া হবে না। গতকাল উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
 
নরেন্দ্র মোদী বলেন, আমাদের মেয়েদের বিরুদ্ধে এই তিন তালাকের অপব্যবহার রুখতে বাবা-মাসহ সকলকে মুখ খুলতে হবে।  এক্ষেত্রে সমাজ সংস্কারকদেরই বেশি ভূমিকা পালন করতে হবে। তুচ্ছ কারণকে ইস্যু করে যেন তারা অন্যায় আচরণের বলি না হন। এর বিরুদ্ধে সকলকে প্রতিবাদ জানানোর আহবান জানান তিনি। এর আগেও মোদী বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। 
 
সেসময়ে তিনি বলেছিলেন, মুসলিম নারীদের প্রতি কোনভাবে এ নিয়ে যেন অন্যায় আচরণ করা না হয়। একপর্যায়ে মোদী বলেন, মুসলিম নারীদের এ থেকে রক্ষায় কীভাবে কাজ করা যায় তা সকলকে ভেবে দেখা উচিত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এর আগে এ নিয়ে সংশ্লিষ্টদের নীরব থাকা নিয়ে প্রশ্ন তুলেন। তিন তালাকের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কাউকে কটাক্ষ না করলেও বিরোধী দলগুলোকে ইঙ্গিত করে বলেন, তারা কেন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন না। 
 
মুসলিম নারীরা যে এর মারাত্মক শিকার হচ্ছেন তা কেন তারা আমলে নিচ্ছেন না। আগামী ১১ মে পাঁচজন বিচারককে নিয়ে গঠিত বেঞ্চে এ ধরনের একটি মামলা উত্থাপিত হবে। সম্প্রতি কয়েকজন মুসলিম নারী আদালতে অভিযোগ করেন, তারা ফেসবুক এবং হোয়াটস অ্যাপে এ ধরনের তালাকের শিকার হয়েছেন। আরো অভিযোগ রয়েছে, অনেকে মোবাইল ফোনে, আত্মীয়স্বজন কিংবা অন্যকোন মাধ্যমেও তারা এর শিকার হচ্ছেন। এনডিটিভি।
 
ইত্তেফাক/সাব্বির