পুলিশের চেকপোস্টে র‌্যাবের পোশাক-অস্ত্রসহ চার প্রতারক গ্রেফতার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ২১:০৬
রাজধানীর বনানীর কাকলী মোড় থেকে র‌্যাব লেখা জ্যাকেট ও অস্ত্রসহ চার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সঞ্জয় (৩৮), সেলিম (৪০), হারুন অর রশিদ (৩৬) ও বাদশা (৩০)। শনিবার দুপুরে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
 
গুলশান ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার জোনায়েদ আহমেদ বলেন, আমরা নিয়মিত গাড়ির কাগজ তল্লাশি করছিলাম। তখন হায়েস মডেলের একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-১৬-১০৫৪) কাগজপত্র তল্লাশির জন্য থামতে বলি। সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে দু’জন ব্যক্তি নেমে দৌড় দেয়। এতে সন্দেহ হলে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে র‌্যাব লেখা ৩ জ্যাকেট, একটি ওয়াকিটকি ও পাঁচ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। সেই সঙ্গে গাড়ির চালক বাদশাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
এ বিষয়ে বনানী থানার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ওই চারজনকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।