দুর্নীতির কারণে সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে : ড.কামাল

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০১:০৫

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কারণে যতগুলো সিদ্ধান্ত বা কর্মসূচি নেওয়া হয় তা বাস্তবায়নে বাধাগ্রস্ত হচ্ছে, বিলম্বিত হয়। তিনি হাওরবেষ্টিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করার পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের দাবি জানান। ড. কামাল হোসেন বলেন, এটা আমাদের একটা জাতীয় সংকট। জাতীয় সংকট মোকাবিলার জন্য প্রয়োজন হয় জাতীয় ঐক্য। এটাকে দলীয় দৃষ্টিভঙ্গি থেকে না বিচার করে, পাল্টাপাল্টি দোষারোপ না করে সমস্যা চিহ্নিত করা দরকার। সব তথ্য একত্র করা দরকার। সব ধরনের গঠনমূলক প্রস্তাব সামনে আনা দরকার। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গণফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বিশিষ্ট এই আইনজীবী।

‘হাওরাঞ্চলের কান্না:বিপন্ন মানবতার পাশে দাঁড়ান’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, দুর্নীতি আর দলবাজির কারণে অনেক সময় কাজই হয় না। এখানে শাসন ব্যবস্থার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব আছে। কাজ দেওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে, দলীয় পরিচয়ে নয়। দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়। কিন্তু এখানে তো তাই হচ্ছে। তিনি অভিযোগ করেন, হাওরের ব্যাপারে অনেক কিছু জানানো হচ্ছে না। প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না। সরকারের কাছেই জনগণ এ তথ্য জানতে চায়। সরকারই এব্যাপারে ব্রিফ করতে পারে। সংসদীয় ব্যবস্থা রয়েছে দেশে। তারাও উদ্যোগ নিয়ে জনগণকে এব্যাপারে অবহিত করতে পারে।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, আ.ও.ম. শফিকউল্লাহ, মোশতাক আহমেদ, ফজলুল কবির কাউসার প্রমুখ উপস্থিত ছিল।

ইত্তেফাক/নূহু