সুজানগরে মাছ ব্যবসায়ী খুন

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১১:০০
 
পাবনার সুজানগরে হাফিজুর রহমান (৩২) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি উপজেলার তাঁতীবন্দ গ্রামের আলহাজ্ব আব্দুল মাজেদের ছেলে। সুজানগর থানা পুলিশ রবিবার সকাল ৭টায় তাঁতীবন্দ কবরস্থান সংলগ্ন পাটের ক্ষেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে।
 
থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হক এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ওই হাফিজুর শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয় সংলগ্ন চার রাস্তার মোড়ে তার মোবাইল ফোনে কোন এক ব্যক্তির সঙ্গে বাক-বিতণ্ডা করার পর একই এলাকার চন্ডিপুর গ্রামে যান। এরপর সেখান থেকে তিনি আর বাড়ি ফিরেননি। 
 
সকালে এলাকাবাসী মাঠে কাজ করতে গিয়ে ওই পাটের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। 
 
পুলিশ ধারণা করছে, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে চন্ডিপুর গ্রাম থেকে ধরে নিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 
 
ইত্তেফাক/কেকে