সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আদালতে উপস্থিত তিন সাক্ষীর মধ্যে একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাফিজুল ইসলাম কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের সাক্ষ্য গ্রহণ করেন। সময় স্বল্পতার কারণে অপর দুই সাক্ষী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু ও সাংবাদিক উয়ারব হোসেনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি। আগামী ধার্য দিনে তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে এক রোগীকে দেখে এসে শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে যশোর বিমান বন্দরে ফিরে যাচ্ছিলেন। এ সময় কলারোয়ায় পৌঁছুলে তার গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় আওয়ামী লীগ সভানেত্রী অক্ষত থাকলেও তার সফরসঙ্গীরা আহত হন। এ সময় তাদের গাড়িও ভাঙচুর করা হয়। এ মামলায় তৎকালীন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০জনকে আসামি করে মামলা করেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিন। এ মামলায় কয়েকজন পলাতক রয়েছেন বাকিরা কেউ কেউ জামিনে অথবা জেলে আটক রয়েছেন।
সাতক্ষীরা জজ কোর্টের পিপি এড. ওসমান গণি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যে বাদী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেমউদ্দিনসহ ৬জন সাক্ষ্য দিয়েছেন।
ইত্তেফাক/জামান
