সরকারি নিষেধাজ্ঞায় দু’মাস মাছ ধরা বন্ধ থাকার পর ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ শিকার শুরু হয়েছে। দীর্ঘ দুই মাস অলস সময় কাটানোর পর আজ ১ মে থেকে নদীতে মাছ ধরতে নামছে ভোলার সাতটি উপজেলার লক্ষাধিক জেলে। গতকাল মধ্যরাত থেকে জেলেদের নদীতে মাছ ধরতে আর কোনো বাধা নেই। ইতোমধ্যে তারা জাল ও নৌকা মেরামতের কার শেষ করেছে। নিষেধাজ্ঞায় উঠে যাওয়ায় স্বস্তি ফিরে এসেছে জেলে পরিবারগুলোতে। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জেলেরা উত্সবমুখর পরিবেশে বিনা বাধায় মাছ ধরা শুরু করেছে ভোর থেকেই।
জেলার বিভিন্ন মাছের আড়তগুলোতে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ব্যস্ত হয়ে উঠেছে জেলে ইলিশ ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের দাবি কর্মসূচি সফল হওয়ায় এ বছর ইলিশের উত্পাদন বাড়বে। এছাড়াও জেলেদের নিরাপত্তা দিতেও প্রস্তুত রয়েছে বলে জানান।
ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় ভোলার মেঘনা নদীর ইলিশা পয়েন্ট থেকে চর পিয়াল পর্যন্ত ১০০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া পয়েন্ট থেকে চর রুস্তম পর্যন্ত ৯০ কি. মি. এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময় ইলিশ মাছ ক্রয় বিক্রয়ও নিষিদ্ধ ছিল।
জেলা মত্স্য কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, জাটকা রক্ষায় অভয় আশ্রম কর্মসূচি চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের দায়ে ১২০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদ্ল ও জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও ৫০০ কেজি মাছ ও ১০ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
