বলিউডে স্পষ্টবাদী নায়িকা হিসেবে সুপরিচিত নাম স্বরা ভাস্কর। অবিনাশ দাশের ‘আনারকলি অব আরাহ’তে শেষ বড়পর্দায় দেখা গেছে তাকে। সাম্প্রতিক সাক্ষাৎকারে সিনেমা নিয়ে না, বরং জানালেন জীবনের নানা ঘটনা। একাধিকবার শ্লীলতাহানির শিকার হয়েছেন বলেও সোজাসুজি জানালেন স্বরা।
সাক্ষাৎকারে স্বরা বলেন, রাজকোটে ‘প্রেম রতন ধন পায়ো’র প্রচারণার সময় শ্লীলতাহানি করা হয় আমার। আমি সালমান স্যারের সঙ্গে ছিলাম। প্রায় দু’হাজার মানুষ বিমানবন্দরে এসেছিলেন উনাকে দেখতে। ঘিরে ধরেন আমাদের। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় দূর্বলতা ছিল। সেখানে ঘটনাটি ঘটে। কেউ বুঝতে পারেননি। পরে আমি যাতে ঠিকমতো গাড়িতে উঠতে পারি, ভিড় ঠেলে তার ব্যবস্থা করে দেন অনুপম খের।
তবে এই ঘটনা স্বরার জীবনে প্রথম নয়। এর আগে মুম্বাই ও দিল্লি দুই শহরেই শ্লীলতাহানি ও ইভটিজিংয়ের শিকার হয়েছেন তিনি। দিল্লিতে তার সঙ্গে যখন ওই ঘটনা ঘটে তিনি ঘুরিয়ে চড় মেরেছিলেন ছেলেটিকে। উপস্থিত সকলে নাকি অবাক হয়ে গিয়েছিলেন। কারণ মেয়েরা শ্লীলতাহানির প্রতিবাদ করবেন এটা যেন অস্বাভাবিক ঘটনা!
মিডিয়া দেয়া আরেক সাক্ষাৎকারে স্বরা শেয়ার করেছেন মুম্বাইয়ের আরো একটি ঘটনা।
তিনি বলেন, ‘মু্ম্বাইতে সে বছর আমি প্রথম এসেছি। লোকাল ট্রেনে করে কোথাও একটা চেক আনতে যাচ্ছিলাম। বিকেলবেলা, ফলে কামরা একেবারে ফাঁকা ছিল। হঠাৎ এক ড্রাগ অ্যাডিক্ট কামরায় ওঠেন। ঘুরে তাকাতেই দেখি তিনি হস্তমৈথুন করছেন। মুহূর্তের জন্য আমি ভয় পেয়ে যাই। বুঝতে পারি না, কী করব? তখনই নিজেকে সামলে নিয়ে ছাতা দিয়ে বেধড়ক পিটিয়েছিলাম।
নারীদের প্রতি স্বরার আবেদন, এমন কোনও ঘটনা ঘটলে মুখ বুজে সহ্য না করে প্রতিবাদ করুন। তা না হলে কখনোই পরিস্থিতি বদলাবে না।
ইত্তেফাক/আনিসুর
