হাওরাঞ্চলে ত্রাণ বিতরণ করছে বিএনপি

আপডেট : ০২ মে ২০১৭, ১৩:৪০
 
অকাল বন্যা দুর্গত হাওরাঞ্চলে ত্রাণ বিতরণ করছে বিএনপি। ত্রাণ সামগ্রী নিয়ে দলটির নেতাকর্মীরা দুর্গত এলাকায় পৌঁছেছেন।
 
দলের ভাইস চেয়ারম্যান ও ত্রাণ কমিটির প্রধান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে আজ মঙ্গলবার সকালে হাওরাঞ্চলে ত্রাণ বিতরণ শুরু করে বিএনপির প্রতিনিধি দল। সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওদুদের বাসভবনে মঙ্গলবার পৌঁণে ১১টায় ত্রাণ বিতরণের আগে এক সংবাদ সম্মেলন করা হয়।
 
অকালের বন্যায় ডুবে যাওয়া হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার ফের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দুর্গত এলাকায় সরকারের ত্রাণ তত্পরতা লক্ষ্য করা যায়নি। যা হচ্ছে শুধু কাগজে, বাস্তব চিত্র ভিন্ন। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে সরকারের ত্রাণ এখনও পৌঁছায়নি।’
 

সোমবার রাতের ঝড়ে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সালনায় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের প্রতিশ্রুতি কাগজে-কলমে না রেখে বাস্তবায়ন করুন।’ বিএনপির এ নেতা এনজিওগুলোর প্রতি অনুরোধ করেন যেন কৃষকদের কাছ থেকে ঋণ তোলা স্থগিত রাখা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুল হক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ।