ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ইব্রাহিমোভিচের হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে দ্রুতই তিনি মাঠে ফিরে আসবেন, এমন আশাবাদই ব্যক্ত করেছেন সুইডিশ এই তারকার এজেন্ট।
৩৫ বছর বয়সী ইব্রাহিমোভিচ গত মাসে ইউরোপা লীগে এ্যান্ডারলেখের বিপক্ষে ম্যাচে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হলে অনেকেই তার ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল। এক বিবৃতিতে ইব্রাহিমোভিচের এজেন্ট মিনো রায়োলা অবশ্য বলেছেন, সফল অস্ত্রোপচারের পরে তার ক্যারিয়ার নিয়ে আর কোন শঙ্কা নেই। অস্ত্রোপচারের পরে ইব্রা এখন পিটসবার্গের স্পোর্টস মেডিসিন প্রোগ্রামের আওতায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন।
ইউনাইটেডের হয়ে প্রথম মৌসুমেই নিজেকে দারুনভাবে প্রমাণ করেছেন এই সুইড তারকা। সব ধরনের প্রতিযোগিতায় তিনি ২৮টি গোল করে সমালোচকদের মুখ বন্ধ করেছেন। বর্তমানে প্রিমিয়ার লীগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড। বৃহস্পতিবার ইউরোপা লীগের শেষ চারের লড়াইয়ে সেল্টা ভিগোর মুখোমুখি হবে হোসে মরিনহোর শিষ্যরা। স্কাই স্পোর্টস।
ইত্তেফাক/রেজা
