ভারতীয় বিএসএফ সৈনিক প্রেম সাগরের কন্যা সরোজ বলেছেন, তার পিতার আত্নত্যাগ কখনো মুছে যাবার নয়। পিতার জীবনের বদলে আমরা ৫০ পাকিস্তানির মাথা চাই।
সোমবার কাশ্মীরের সীমান্ত এলাকায় জম্মু ও কাশ্মীর কৃষ্ণা ঘাট্টি এলাকায় পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর হামলায় নিহত হন বিএসএফ হেড কন্সটেবল প্রেম সাগর। তাকে শিরচ্ছেদ করে হত্যা করা হয়। এ ঘটনার পর পুরো পরিবারই বিধ্বস্ত ও শোকাহত। মাকে সান্তনা দেয়ার সময়ই কন্যা সরোজ এই মন্তব্য করেন।
প্রেম সাগরের ভাই দয়াশঙ্কর বলেন, আমার ভাইকে নিয়ে আমরা গর্বিত। দেশরক্ষায় তিনি তার জীবন দিয়েছেন। কিন্তু পাকিস্তানিরা যে নির্মমভাবে তাকে হত্যা করেছে সেটি খুব হৃদয় বিদারক।
এর আগে, গত সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণঘাটি এলাকাতে দুই ভারতীয় বিএসএফ সৈনিকের শিরশ্ছেদ করে হত্যা করে পাকিস্তানের বিশেষ বাহিনী বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। পরবর্তীতে ওই জওয়ানদের লাশ ছিন্নভিন্ন করে ফেলে তারা।
এই ঘটনা দুই দেশের ৭৭৮ কি.মি দীর্ঘ এলওসি (লাইন অব কন্ট্রোল) এলকায় দায়িত্বরত সেনাবাহিনীর মধ্যে নতুন করে উন্মাদনা ও উত্তেজনার সৃষ্টি করেছে, যা ইতোমধ্যে ভারত-পাক সম্পর্ককে আরো অবনতির দিকে ঠেলে দিয়েছে। পুরোপুরি পরিকল্পিতভাবে পাকিস্তানি ফোর্সের বর্বর হামলার জবাব দিতে ভারতীয়রা তৈরী হয়ে আছে। ভারতীয় সীমান্ত থেকে ২০০ মিটার এলাকা জুরে তল্লশি চালানো হয়েছে, যেখানে ২৪ ঘন্টারও কম সময় আগে রবিবার পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাওয়েজা পরিদর্শন করে গিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/রেজা
