চাকরির বয়সসীমা বাড়ানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশ ৫মে

আপডেট : ০২ মে ২০১৭, ১৭:২০
৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছরে উন্নীতকরণের দাবি জানিয়ে আগামী ৫মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে সাধারণ ছাত্র পরিষদ। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় দাস এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, অবসরের বয়স বাড়লেও বাড়েনি আবেদনের বয়স, আবার সরকারি চাকরিতে বিশেষ রকমের বয়সের বিধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারি চিকিৎসকদের চাকরিতে আবেদনের বয়স-৩২, প্রতিবন্ধীদের-৩২, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য-৩২, সেবাকর্মীদের (নার্স) জন্য ৩৬ বছর করা হয়েছে। কিন্তু সর্বজনীন ভাবে এ বয়স এখনও ৩০ বছর। এটি বৈষম্যমূলক।
 
গড় আয়ু যখন ৪৫ বছর ছিল তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭, যখন ৫০ ছাড়ালো তখন প্রবেশের বয়স ৩০ হলো। যদিও বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ বছর। গড় আয়ু ও কর্মক্ষমতা বৃদ্ধির কারণ দেখিয়ে চাকরিতে অবসরের বয়স ৫৭ থেকে ৫৯ করা হয়েছে। 
এর ফলে যে সকল সরকারি চাকরিজীবী অবসরে যেতেন সে সকল পদও খালি হয়নি। ফলে বেকারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই ন্যায্য দাবি আদায়ে আমরা আন্দোলনে রয়েছি।