যাতায়াতের পথে প্রায়শই দেখা হয় বিন্নির সঙ্গে। গাট্টুদের পাড়াতেই তার বাড়ি। দেখতে-শুনতে মন্দ নয় বিন্নি। বরং পাড়ার অন্য মেয়েদের থেকে যেন একটু বেশিই সুন্দরী। অন্তত গাট্টুর চোখে! তবে মনে মনে বিন্নিকে ভাল লাগলেও তা মুখ ফুটে বলে উঠতে পারেননি গাট্টু। ছোটবেলা থেকে যে তাকে শেখানো হয়েছে, পাড়াপড়শির সমস্ত ছেলেমেয়েরাই ভাই- বোনের মতো। কিন্তু, পাড়ার কোনও মেয়েকে মনে ধরলে তাকে কী বোন বলে ডাকা যায়! গাট্টু-বিন্নির এই কাহিনি নিয়েই গড়িয়েছে ‘বেহেন হোগি তেরি’ সিনেমার কাহিনি।
সম্প্রতি এর ট্রেলার রিলিজ হল। আর এর এক ঝলকেই নজর কেড়েছেন গাট্টু ওরফে রাজকুমার রাও। ডিগ্ল্যামারাস লুকে কম যান না শ্রুতি হাসান মানে বিন্নিও।
‘কাই পো চে’, ‘শাহিদ, ‘সিটিলাইটস’, ‘ট্র্যাপ়ড’— প্রায় প্রতি ফিল্মেই নিজের ইমেজ ভেঙেছেন রাজকুমার রাও। এ বারও একটু অন্য ইমেজে তিনি। অজয় কে পান্নালালের পরিচালনায় ‘বেহেন হোগি তেরি’-র রোম্যান্টিক কমেডিতে একেবারে পাড়ার ছেলে রাজকুমার। লক্ষনউয়ের একটি পাড়ায় বেড়ে ওঠা গাট্টুর ভাললাগা থেকে ভালবাসা বা হতাশা— সবই তার কমিক টাইমিং-এর জেরে দারুণ ভাবে ফুটে উঠেছে পর্দায়। রাজকুমারের পাশাপাশি চোখে পড়ছেন হেরি টাংরিও।
এম এস ধোনির বায়োপিকে যুবরাজ সিংহের ভূমিকায় যিনি অনেককেই চমকে দিয়েছিলেন।এ বার তিনি গাট্টুর বন্ধুর চরিত্রে। ফিল্মে রয়েছেন টেলি-সিরিয়ালের হার্টথ্রব গৌতম গুলাটিও। গাট্টু প্রেমকাহিনিতে হঠাৎ এসে হাজির তিনি। বিন্নির সঙ্গে তার বিয়ের কথা পাকা করতে।
শেষমেশ কী হল? গাট্টু কি বিন্নিকে আপন করতে পারলেন? কাহিনির গোটা অংশ দেখা যাবে আগামী ২৬ মে। সে দিনই রিলিজ হবে ‘বেহেন হোগি তেরি’। হিন্দুস্তান টাইমস।
ইত্তেফাক/রেজা
