সংসদের পঞ্চদশ অধিবেশন ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত

আপডেট : ০২ মে ২০১৭, ১৮:৫৩
দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।  সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়। 
 
সংসদ ভবনে কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন।
 
এছাড়া কমিটির সদস্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মোঃ ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আ. স. ম. ফিরোজ, মইন উদ্দিন খান বাদল এবং আনিসুল হক সভায় উপস্থিত ছিলেন।
 
সভায় প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।- বাসস।
 
ইত্তেফাক/সাব্বির