ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন নতুন কমিটি

আপডেট : ০২ মে ২০১৭, ১৯:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যাংকার ও ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মাজেদুর রহমান সভাপতি ও শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
 
গত ১ মে সোমবার কাকরাইলের আইডিবি ভবনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ সভায় নতুন কমিটি গঠিত হয়। এমস বাংলাদেশের সিইও ইয়ার সাইদ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মঞ্জুর কাদের ও আতিয়ার নাহার সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ড. রাব্বি মিয়া ও নরওয়ে দূতাবাসের উপদেষ্টা উম্মে শায়লা এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এখলাসুর রহমানকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। 
 
সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে রয়েছেন ফারাহ নাজ বন্যা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (যুগ্ম সচিব) নিলিমা আক্তার, যুগ্ম সচিব মঞ্জুর হোসেন, ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মহিবুল আহসান, রুবিনা হোসেন ইনা, শাওন শায়লা, মতিউর রহমান, লুৎফুন নাহার রহমান, শাফকাত ইয়াসমীন।
 
সভায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৭০ বছরপূর্তি পালন উপলক্ষে আলোচনা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার, দেলোয়ার হোসেন ও চেয়ারপারসন এহসানুল হক।