শার্শায় সড়কের বেহাল অবস্থা মানুষের সীমাহীন দুর্ভোগ

আপডেট : ০৩ মে ২০১৭, ০১:৩২

জেলার সীমান্তবর্তী শার্শা উপজেলায় গ্রামীণ জনপদের পাকা সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। এর ফলে সীমাহীন দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। দুর্বিষহ হয়ে ওঠছে মানুষের জনজীবন। শতাধিক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার শার্শা উপজেলায় এক হাজার দুইশ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক রয়েছে। ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত ৩৭০ কিলোমিটার সড়ক পাকা হয়েছে। এর মধ্যে দীর্ঘদিন সংস্কার অভাবে শতাধিক কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গ্রামীণ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারী, স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। শার্শা উপজেলায় নাভারন-কাশিপুর, শার্শা-স্বরপদহ, কাগজপুকুর-রামপুর, বেনাপোল-দৌলতপুর, বাগআঁচড়া-বালুন্ডা, জামতলা-বালুন্ডা, সাঁতমাইল-গোগাসহ শতাধিক পাকা সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। ভুক্তভোগীদের দাবি, এলাকার উন্নয়নের স্বার্থে বর্ষার পূর্বে পাকা সড়কগুলো মেরামত করা হোক।

শার্শা উপজেলা প্রকৌশলী রশিদুজ্জামান জানান, উপজেলার প্রকৌশল অধিদপ্তর পল্লী জনগোষ্ঠীকে যোগাযোগের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। এ উপজেলায় এক হাজার দুইশ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক রয়েছে। যার মধ্যে ৩৭০ কিলোমিটার সড়ক পাকা করার কাজ সম্পন্ন হয়েছে। চলতি অর্থ বছরে প্রায় ৩০ কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে। আর ২৪ কিলোমিটার পাকা সড়ক সংস্কারের আওতায় নেওয়া হয়। এর মধ্যে ১৩ কিলোমিটার পাকা সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ১১ কিলোমিটার পাকা সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, উপজেলার অনেক গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছি। আগামী  বছরের মধ্যে এ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হবে।

ইত্তেফাক/নূহু