মালির মধ্যাঞ্চলে মঙ্গলবার জিহাদিদের হামলায় নয় সেনা নিহত ও অপর পাঁচ জন আহত হয়েছে। ওই অঞ্চলে ফ্রান্সের সন্ত্রাসবিরোধী বাহিনীর কমান্ডারের বরাতে এখবর জানানো হয়েছে।
ওই কমান্ডার জানিয়েছেন, দেশটির বারকিনা ফাসো সীমান্তের কাছে একটি অভিযান চালানো হচ্ছে।
মালির বাণিজ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র আব্দেল করিম কোনাতে এক বিবৃতিতে বলেন, ‘দোগোফ্রি ও নামপালার মধ্যবর্তী স্থানে জাতীয় সশস্ত্র বাহিনীর সরবরাহ মিশনের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে।’
তিনি একে ‘কাপুরুষোচিত ও বর্বরোচিত আচরণ’ হিসেবে উল্লেখ কেরে এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের ও আমাদের অংশীদারদের প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।’
এর আগে মালির সামরিক বাহিনী জানায়, মধ্যাঞ্চলীয় সেগোউয়ে এই হামলা চালানো হয়েছে। এতে আট সেনা নিহত ও অপর চার জন আহত হয়েছে। সেনাদেরর গাড়ি একটি মাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা সেনাদের ওপর আকস্মিক হামলা চালায়। এএফপি।
ইত্তেফাক/সেতু
