একমঞ্চে শাহানা কাজী, কুমার শানু-অলকা ইয়াগনিক

আপডেট : ০৩ মে ২০১৭, ১৩:২২
 
কানাডা প্রবাসীদের কাছে পরিচিত মুখ সঙ্গীতশিল্পী শাহানা কাজী। নিজের গায়কী কানাডা থেকে ছড়িয়ে দিয়েছেন বিশ্বের বাঙালি ও সাউথ এশিয়ান কমিউনিটিতে। বাংলাদেশী বংশোদ্ভূত কানাডিয়ান এই কণ্ঠশিল্পী শেকড়ের টানে এখনো কণ্ঠে লালন করেন দেশের গান। মাতিয়ে রাখেন বাংলা গান প্রেমীদের উন্মাদনা।
 
টরেন্টোর বেড়ে ওঠা শাহানা কাজী দীর্ঘ সময় ধরে কানাডায় সংগীত চর্চা করছেন। সেখানেই তিনি অ্যালবাম ও স্টেজে নিয়মিত গান করে চলেছেন। ধারাবাহিকভাবে ইতিমধ্যে প্রকাশ করেছেন তার ‘ভালোবাসার কথা’ শীর্ষক একক গানের এ্যালবাম।
 
সম্প্রতি টরন্টোর হারশী সেন্টারে অনুষ্ঠিত লাইভ কনসার্টে একই মঞ্চে গান করলেন শাহানা কাজী, বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু এবং অলকা ইয়াগনিক। কনসার্টে শাহানা কাজী বলিউডের বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
IMG0
শাহানা কাজী বলেন, ‘কুমার শানু এন্ড অলকা ইয়াগনিক এভারলাসটিং মেলোডিস লাইভ' শীর্ষক এই কনসার্টটি সবাই খুব উপভোগ করেছেন। কুমার শানু ও অলকা ইয়াগনিকের মতো শিল্পীদের সঙ্গে একমঞ্চে পারফর্ম করাটা আমার জন্য অনেক সম্মানজনক ও সাফল্যের। হারশী সেন্টার টরেন্টোর একটি বড় কনসার্ট ভেন্যু এবং সেখানে সাড়ে চার হাজার দর্শকদের সামনে গান গাওয়াটা ছিল খুব উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা।’
 
এরআগে বলিউডের জনপ্রিয় সুপারস্টার আতিফ আসলাম, সংগীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গেও একই মঞ্চে লাইভ পারফর্ম করে শ্রোতাদের মাতিয়েছিলেন। বর্তমানে বেশ কিছু নতুন বাংলা গান (সিঙ্গেলস) শ্রোতাদের জন্য প্রস্তুত করছেন তিনি। এছাড়াও দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন শাহানা কাজী।
 
ইত্তেফাক/আনিসুর