ইরাক লাগোয়া সিরিয়ার সীমান্তবর্তী এলাকার একটি আশ্রয়কেন্দ্রে মঙ্গলবার আইএস জঙ্গিদের আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। হাস্সাকে প্রদেশের শাদ্দাদি শহরের রাজম-আল-সালিবি এলাকায় সিরিয়া ও ইরাকের শরণার্থীদের অস্থায়ী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে জিহাদিরা হামলা চালায় সেখানে প্রায় ৩শ’ পরিবার সীমান্ত অতিক্রম করার জন্য অপেক্ষা করছিল বলে জানা গেছে। এলাকাটি যুক্তরাষ্ট্র সমর্থিত জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) নিয়ন্ত্রণে রয়েছে।
মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, হাস্সাকে প্রদেশে ওই আশ্রয়কেন্দ্রের ভেতরে ও বাইরে কমপক্ষে পাঁচজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়। পর্যবেক্ষণ সংস্থাটির প্রধান রামি আব্দেল রাহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, সেখানে জিহাদি ও এসডিএফের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ বেঁধে যায়। এতে কমপক্ষে ৪৬ জন নিহত হয়। এদের মধ্যে ৩১ জন বেসামরিক নাগরিক রয়েছে। আইএস এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
IMG0
এদিকে আইএসের হামলায় এভাবে লোকজন নিহত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার গৃহযুদ্ধ নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য, সিরিয় সংঘাত নিয়ে মস্কো ও ওয়াশিংটনের অবস্থান বিপরীতমুখী।
IMG1
ট্রাম্পের সহকারীরা জানান, ট্রাম্প ও পুতিন দীর্ঘমেয়াদি মানবিক শান্তি অর্জনে সিরিয়ার নিরাপত্তা ও নিরাপত্তা জোনসহ আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেন। তবে সম্ভাব্য নিরাপত্তা জোনের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এএফপি।
ইত্তেফাক/সেতু
