পতিতার পর পাওলি এবার বস্তির মেয়ে

আপডেট : ০৩ মে ২০১৭, ১৪:৩৯
 
দম ফেলার সময় নেই পাওলি দামের। কাজ আর কাজ। মুক্তির অপেক্ষায় পাওলির ‘টোপ’। সম্প্রতি ব্যস্ত পাওলিকে খুঁজে পাওয়া যাচ্ছে দিল্লির এক বস্তিতে। কেন, সেখানে তিনি কী করছেন!
 
নতুন ছবি ‘হাল্কা’র শুটিং নিয়ে সেখানে ব্যস্ত পাওলি। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারো বলিউডের ছবিতে ফিরলেন এই কলকাতার নায়িকা। যেখানে তার সঙ্গে থাকছেন রণবীর শোরে ও আদিল হুসেন। ছবির পরিচালক নীল মাধব পাণ্ডা।
 
পাওলি এখানে রণবীরের স্ত্রী। রণবীর একজন রিকশাচালক আর পাওলি কারখানার কর্মী। আট বছরের ছেলেকে নিয়েই বস্তির মধ্যে তাঁদের সংসার। আট বছরের এই বালকই ছবির মূল চরিত্র।
 
ছবির গল্প বস্তির মানুষদের নিয়ে, নেই কোন আন্ডারওয়ার্ল্ডের গল্প। বস্তির মানুষের কাহিনী সোজাসাপটা ভঙ্গিতে তুলে ধরেছেন পরিচালক। পাওলি আর রণবীর ছাড়াও ছবিতে রয়েছেন কুমুদ মিশ্র।
 
ছবির বাস্তব দিকটা আরও নিখুঁত করতে পরিচালক বেছে নিয়েছেন বস্তিরই দু’জন মানুষকে। বস্তিবাসীর চরিত্র পাওলি বলেন, এইরকম একটা ছবির স্ক্রিপ্টের জন্য বহু দিন ধরে অপেক্ষা করে ছিলাম। উল্টো দিকে আবার রণবীর। অনেক কিছু শিখতে পারছি। ওয়ার্কশপও করতে হয়েছে। টোপের থেকেও এই ছবির চরিত্রটাও অনেকটা আলাদা।
 
উল্লেখ্য, পাওলি ও শাকিব খান অভিনীত সত্তা সিনেমা এখনো চলছে দেশের বিভিন্ন সিনেমা হলে। যেখানে একজন পতিতার চরিত্রে দেখা গেছে পাওলিকে।
 
ইত্তেফাক/আনিসুর