লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তার উপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীরা জব্দকৃত প্রায় ১০ লাখ গলদা চিংড়ির পোনা ছিনিয়ে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। ঘটনাস্থলে দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা, দুই কোস্টগার্ড সদস্য ও কোস্টগার্ডের ব্যবহৃত নৌকার মাঝি আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিবিরহাটের অদূরে ওছখালী মাছ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, কোস্টগার্ড সদস্য মো. আহসান হাবীব, মো. আহসান আলী এবং নৌকার মাঝি নুরুল আমিন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ধরা ৭০টি প্লাস্টিক ড্রামে প্রায় ১০ লাখ গলদা চিংড়ি পোনা ট্রাক যোগে অন্যত্র চালান করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্য নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ গলদা চিংড়ি পোনা জব্দ করা হয়। জব্দকৃত চিংড়ি পোনা নদীতে অবমুক্ত করার সময় এক দল দুর্বৃত্ত ইট নিক্ষেপ করে ও লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে চিংড়ি পোনাগুলো ছিনিয়ে নিয়ে যায়।
রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম তসলিম উদ্দিন জানান, জব্দকৃত মাছ নদীতে অবমুক্ত করার সময় ৭০-৮০ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। এসময় দুর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে সহকারি উপজেলা মত্স্য কর্মকর্তা, দুই কোস্টগার্ড সদস্য ও নৌকার মাঝি আহত হয়। এ ঘটনায় অজ্ঞাত ৭০-৮০ জনকে অভিযুক্ত করে বুধবার রামগতি থানায় মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/এএম।
