নাসিরুদ্দিন-পরেশ এবার সত্যজিতের গল্পে

আপডেট : ০৩ মে ২০১৭, ১৫:৪৬
 
সত্যজিতের তাড়িনী খুড়ো এবার বলিউডে পাড়ি জমাচ্ছে। জানা গেছে, অনন্ত নারায়ণ মহাদেবন ‘গল্প বলিয়ে তারিণী খুড়ো’ গল্পটি নিয়ে সিনেমা তৈরি করতে মাঠে নামছেন শিগগিরই।
 
আনজুম রিজভি প্রযোজিত এই ছবির প্রধান দুটি চরিত্রে নাসিরুদ্দিন শাহ ও পরেশ রাওয়ালের অভিনয় করার কথা শোনা যাচ্ছে। ২০১৮ সালের জানুয়ারির মধ্যে শুটিং শেষ করতে চাইছেন নির্মাতা। টার্গেট, আগামী বছরের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি পাঠানো।
 
অনন্ত সাংবাদিকদের বলেন, আসছে জুলাইয়ে কলকাতায় ছবির শুটিং হবে। সে সময় সন্দীপ রায়ের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। এমনকী, সত্যজিতের বাড়িতেও যাবো।
 
ছবিতে পরেশ এক জন বাঙালি চরিত্রে। আর নাসিরুদ্দিন এক জন গুজরাটি ব্যবসায়ী। ‘শতরঞ্জ কে খিলাড়ি’ সত্যজিৎ রায়ের একমাত্র হিন্দি ছবি। এছাড়াও টিভির জন্য তাঁর গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘সদ্‌গতি’। এরপর তৈরি হতে চলেছে এই ছবিটি।
 
ইত্তেফাক/আনিসুর