শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, টেক্সটাইল বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা বাড়াতে হবে। বিশ্বমানের প্রযুক্তি ও দক্ষতা আয়ত্ব করতে হবে। আর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবন’এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবনির্মিত ‘সৈয়দ নজরুল ইসলাম হল’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বুটেক্সের ডিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বুটেক্সের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মাসউদ আহমদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা এবং বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. জুয়েল রানা বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সমস্যা সমাধান করার প্রযুক্তি আমাদেরই আবিষ্কার করতে হবে। আমরা শুধু জ্ঞান-প্রযুক্তি আমদানিই করব না, রপ্তানিও করব। গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়নে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। বাস্তবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এমন জ্ঞান সৃষ্টি করতে হবে। বাসস।
