ভাটারায় হিযবুত তাহরীর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৩ মে ২০১৭, ১৯:০০
রাজধানীর আদাবর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ওয়ারেন্টভুক্ত আসামি মো. তমাল উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-২ সদস্যরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ভাটারার বায়তুল আমান হাউজিংয়ের ১১ নম্বর রোডের ৬৯৫/১১/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
র‌্যাব জানায়, তমালের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২০১৪ সালে ১৮ জুলাই একটি মামলা হয়। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সে। আদালত তাকে হাজির হওয়ার জন্য বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্ত আদালতের আদেশ অমান্য করে পলাতক থেকে গোপনে জঙ্গিবাদ সংশ্লিষ্ট কার্যক্রম করে আসছেন।
 
জিজ্ঞাসাবাদে তমাল জানায়, বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর উলাইয়া বাংলাদেশ’ এর সমর্থন, সদস্যপদ গ্রহণ করে। এছাড়াও এ সংগঠনে যোগদানের জন্য অন্যকেও আহ্বান করে লিফলেট বিতরণ করে। তমালকে জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানায় র‌্যাব। প্রাপ্ত তথ্যগুলো যাচাই করা হচ্ছে বলে জানায় র‌্যাব। 
 
ইত্তেফাক/পাভেল