গণিতে হবু জামাইয়ের খুব বেশি দখল না থাকায় স্ত্রী রাগ করে বিয়ে ভেঙে দিয়েছে, এমন খবর আগে শোনা গেছে। এরপর খাবারের মেন্যু পছন্দ না হওয়াতেও বিয়ে ভেঙে গেছে। তবে বানান ভুল লিখে ‘বিপদে’ পড়লেন ভারতের উত্তরপ্রদেশের মৈনপুরির এক যুবক।
হবু বরের বানানের এরকম টালমাটাল অবস্থা দেখে পাকা কথার দিনই বিয়েতে না করে দিলেন কনে। পাকা দেখার জন্য কথামতো মৈনপুরি জেলার কুরায়ালি এলাকার নুমায়িশ ময়দানে হাজির হয়ে গিয়েছিল পাত্র ও কন্যাপক্ষ। মেয়ের বাড়ি কুরায়ালি। ছেলে ফারাক্কাবাদের।
একে অপরের মধ্যে কথা শুরু হতেই হবু স্ত্রীর হাতে একটা ডায়েরি ধরিয়ে দেয় পাত্র। হিন্দিতে একের পর এক বানান লিখতে বলেন তাকে। সব বানানই এক্কেবারে সঠিক লিখে ফেলে মেয়েটি। এরপরই শুরু হয় হবু বরের পরীক্ষা।
প্রত্যক্ষদর্শী জানান, হবু বরকে হিন্দিতে 'সাম্প্রদায়িক' এবং 'দৃষ্টিকোণ' এই বানান লিখতে বলেন পাত্রী। খাতা দেখার সময় ধরা পড়ে একের পর এক ভুল। ওই বানাগুলি তো বটেই, নিজের ঠিকানার বানানটিও ভুল লেখেন পাত্র।
উচ্চ মাধ্যমিক পাশ পাত্রের এই হাল দেখে তখন বিয়েতে না করে দেন ক্লাস ফাইভ পর্যন্ত পড়া ওই মেয়ে। দুই পরিবারের অনুরোধও রাখেনি পাত্রী। খবর-আনন্দবাজার।
ইত্তেফাক/আনিসুর
