ভারতে পোষা কুকুর চুরির পর রান্না, ভিডিও ভাইরাল

আপডেট : ০৪ মে ২০১৭, ১৮:৫৮
পশু হত্যার আরেকটি নির্মমতার সাক্ষী হল ভারত। ঘটনাটি ঘটেছে ভারতের গুরুগাঁও এলাকায়। যেখানে একটি পোষা কুকুরকে নির্মমভাবে হত্যার পর রান্না করে খেয়ে নিয়েছে একদল যুবক।
 
ঘটনাটি জানাজানি হওয়ার পর পশুদের সুরক্ষায় কাজ করা ভারতের পিপলস ফর এনিম্যালস (পিএফএ) নামে একটি এনজিও মঙ্গলবার অজ্ঞাতনামা কয়েকজন যুবকের বিরুদ্ধে কুকুর চুরি ও হত্যার অভিযোগ দায়ের করেছে। এনজিওর অভিযোগের ভিত্তিতে ডিএলফ-২ থানায় অজ্ঞাত নামা ওই যুবকদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়।  
 
ডিএলএফ-২ এলাকার জে ব্লকের বাসিন্দা অনুপমা শ্রীবাস্তবের পোষা ছিল ‘ব্রাউনি’ নামের কুকুরটি। গত ১ এপ্রিল থেকে তিনি কুকুরটিকে খুঁজে পাচ্ছিলেন না। ১৭ এপ্রিল কুকুর হারানোর খবর তিনি পুলিশকে জানান। পিএফএ তে একটি অভিযোগ জানিয়ে রাখেন। শুধু তাই নয় মালিক নিজে একটি হারানো বিজ্ঞপ্তিও তৈরি করেন।পোষা কুকুরের ছবি দিয়ে পুরো এলাকায় দুই হাজার পোস্টার ছাপিয়ে দেয়ালে সেটে দেন এবং কুকুরের সন্ধান দাতাকে ৫০০০ রুপি পুরস্কারের ঘোষণা দিয়ে রাখেন।
 
অভিযোগের ভিত্তিতে পিএফএ তদন্ত শুরু করে। পিএফএর এর গুরুগাঁও এলাকার সভাপতি অমিত চৌধুরী বলেন, তাদের দল খোঁজ করে দেখে যে, সিকান্দারপুর গোসই গ্রামে কুকুরটিকে বেধে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারপর সেখানে কুকুরটিকে হত্যা করে খেয়ে ফেলে একদল যুবক। প্রমাণ হিসেবে, একটি ভিডিও পাওয়া গেছে যেখানে দেখা যায়, বন্ধুদের নিয়ে কুকুরটি চুরি ও হত্যা করে খেয়ে ফেলার কথা স্বীকার করে নিয়েছেন এক যুবক।
 
তিনি আরও বলেন, আমরা এই ঘটনার যাবতীয় তথ্য ও প্রমাণ পুলিশকে দিয়েছি। পুলিশকে দেয়া পাঁচটি ভিডিওর মধ্যে একটি ভিডিওতে ব্রাউনিকে হত্যার সম্ভাব্য বাড়িটিও চিহ্নিত করা যায়। আর একটি ভিডিওতে কুকুর হত্যায় যুক্ত থাকা যুবকদের চেহারাও স্পষ্ট দেখা যাচ্ছে। আশাকরি পুলিশ দ্রুতই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে।  
 
শ্রীবাস্ত আরও বলেন, কুকুরটি চারবছর ধরে তার মালিকের সঙ্গে ছিল। সে তাই অনেকটা পরিবারের অংশই ।  কুকুরটিকে হত্যা ও খাওয়ার কথা শুনে আমি নিজেও হতবাক হয়ে যাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।
 
ডিএলএফ-২ থানার ইন্সপেক্টর সুদীপ কুমার বলেন, এনজিওর দেয়া তথ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত চলছে, ভিডিওগুলোও পরীক্ষা করে দেখা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/রেজা