আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, মাদক অর্থ দেয় কিন্তু শান্তি দেয় না। যারা জঙ্গিবাদ ও মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন আমরা তাদেরকে বুকে টেনে নেবো। যারা ফিরবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলার আজমপুর মাদ্রাসা মাঠে আয়োজিত জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে উপজেলার ইউনিয়নের বিভিন্ন এলাকার ২২২ জন মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী ও মাদকসেবী আত্মসমর্পণ করেন।
মন্ত্রী বলেন, ভারত সরকারের সঙ্গে আমরা কথা বলেছি যেন নো-ম্যান্সল্যান্ডে (সীমান্তের শূন্যরেখা) কোনো ইয়াবা-ফেনসিডিলের ফ্যাক্টরি না থাকে। ভারত সরকার আমাদের আশ্বস্ত করেছে। যারা আজকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আমরা আপনাদের পাশে আছি। আপনারা ভয় পাবেন না, আপনাদের পুনর্বাসনের জন্য সবকিছুই করা হবে।
আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ্ আলী প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
