‘থিয়েটারই পারে তরুণদের মোটিভেট করে জঙ্গিবাদ প্রতিরোধ করতে’

আপডেট : ০৫ মে ২০১৭, ২০:২৪
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, থিয়েটারই পারে তরুণ সমাজকে মোটিভেট করে জঙ্গিবাদ প্রতিরোধ করতে। তিনি বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশ বা এশিয়ায় নয়, বিশ্বের জন্য হুমকিস্বরূপ। এ কারণেই বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 
 
আজ শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার হলে দু’দিনব্যাপী ‘এশিয়ান থিয়েটার সামিট ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন তিনি।
 
ইন্টারন্যাশনাল থিয়েটার এসোসিয়েশনের (আইয়াটা) উদ্যোগে যৌথভাবে এ সামিটের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। 
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও সিঙ্গাপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. চাউ সু কং।
 
সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও আইয়াটা, এশীয় অঞ্চলের সভাপতি লিয়াকত আলী লাকী।
 
গতবছর বাংলাদেশে জঙ্গিগোষ্ঠীর হাতে বেশ কয়েকজন বিদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনা স্মরণ করে মন্ত্রী বলেন, সংস্কৃতির অনেক শক্তি আছে। এ শক্তিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাল হিসেবে আমাদের সকলকে ব্যবহার করতে হবে। বাসস।