‘বাহুবলী টু’ বা বাহুবলী দ্য কনক্লুশান ঝড়ে উত্তাল ভারত, ভারত ছেড়ে তা এখন আমাদের বাংলাদেশেও। ভারতীয় সিনেমার ইতিহাসে বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ছবিটি। এই দেশজোড়া সাফল্যের মধ্যেই ছবিটির বেশ কয়েকটি ভুল ধরলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির পরিচালক ভিগনেশ শিব।
এমনকি ভুলগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন তিনি। এবার জেনে নেয়া যাক, ভুলগুলো কী কী।
প্রথমত, ভিগনেশের দাবি, মাত্র ১২০ টাকার বিনিময়ে এত ভাল একটা ছবি দেখানো উচিত নয়। নির্মাতাদের উচিত ছিল, প্রযোজকের অ্যাকাউন্ট নম্বর বা ঠিকানা দিয়ে দেয়া। যাতে দর্শকরা টাকা পাঠিয়ে দিতে পারেন।
দ্বিতীয়ত, ছবির দৈর্ঘ্য খুব কম বলে অভিযোগ করেছেন ভিগনেশ। মাত্র তিন ঘণ্টায় এমন একটা দুর্দান্ত অভিজ্ঞতা শেষ হয়ে যাবে, এটা মোটেই ঠিক নয়।
তৃতীয়ত, এতো ডিটেলিং আর পারফেকশন রয়েছে ছবিতে যে অন্য সব পরিচালকরা মাথা নত করতে বাধ্য হচ্ছেন। এমনকী নিজেদের প্রোডাক্ট নিয়ে নতুন করে ভাবনাচিন্তাও করতে হবে তাদের।
নির্মাতার চার নম্বর কথা হলো হলো, পরিচালক এস এস রাজামৌলি ঘোষণা করেছিলেন ‘বাহুবলী’র আর কোনও পর্ব হবে না। তা নিয়েও প্রবল আপত্তি ভিগনেশের। তার দাবি, আগামী ১০ পর্বেও বোধহয় এর কনক্লুশান সম্ভব নয়।
সবশেষ পঞ্চম ভুল হিসেবে বলা হয়েছে, কঠিন সময় আসছে, মনে করেন ভিগনেশ। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন রেকর্ড তৈরি হচ্ছে, সেই বেঞ্চমার্ক কবে ভাঙা সম্ভব হবে, তা নিয়েও সংশয়ে ভিগনেশ।
অনেকটা ভুলের মোড়কে রাজামৌলির প্রসংশায় করেছেন ভিগনেশ। আর তাই তাঁর টুইট দেখে হেসে প্রতিক্রিয়া দিয়েছেন এস এস রাজামৌলি নিজেই।
ইত্তেফাক/আনিসুর
