বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খাঁন বলেছেন, জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আর বর্তমানে আওয়ামী লীগ সরকার ১৪ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে হটিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করবে বিএনপি।
এ জন্য যে কোন সময় এ সরকারকে হটানোর জন্য আন্দোলনের ডাক আসতে পারে বলে বিএনপি নেতা-কর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ড. মঈন খাঁন।
আগামী নির্বাচন এবং আন্দোলনে সারাদেশে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য দেশের ৫১টি সাংগঠনিক জেলা সফরের অংশ হিসেবে শনিবার দুপুরে লক্ষ্মীপুরে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি সরকারের উদ্দেশে বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার, বিএনপি কোন সন্ত্রাসী দল নয় যে তাদেরকে সভা-সমাবেশ করতে দেয়া যাবে না। সরকার সভা-সমাবেশ করতে না দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখতে পারবেনা। সরকারের আচরণই প্রমাণ করে তারা স্বৈারাচারী সরকার।
