১৪ বছরে প্রাঙ্গণেমোর

আপডেট : ০৬ মে ২০১৭, ১৫:১৮
 
আজ শনিবার ৬ মে, ১৪ বছরে পা রাখলো নাট্যদল প্রাঙ্গণেমোর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি তাদের দুটি নাটক মঞ্চস্থ করতে করছে। প্রতিষ্ঠাবার্ষিকী ও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চায়ন করছে দর্শকনন্দিত দুইটি রবীন্দ্র প্রযোজনা।
 
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে গত ৩মে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। নাটকটির নাট্যরূপ দেন অনন্ত হিরা এবং নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।
 
আগামীকাল ৭ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোরের প্রথম প্রযোজনা ‘শ্যামাপ্রেম’। রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন শ্রী চিত্তরঞ্জন ঘোষ এবং নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
IMG0
নাটক দুটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু, শিশির রহমান, সরোয়ার সৈকত, মাইনুল তাওহীদ, শুভেচ্ছা রহমান, রিগ্যান রত্ন, চৈতালী হালদার, কারিমা, আশা, বিপ্লব, মনির, সীমান্ত, ঊষা, টুসি, বাধন, প্রকৃতি।
 
অনন্ত হিরা জানান, ‘অদ্ভুত এক ভালো লাগায় ভাসছি। আজ ৬ মে প্রাঙ্গণেমোরের জন্মদিন। ভাবনার প্রাঙ্গণেমোর আজ জীবনের অপরিহার্য সত্য। আমার প্রাঙ্গণেমোর আজ সবার প্রাঙ্গণেমোর, ৬৯ জনের প্রাঙ্গণেমোর। ১৪ বছর পথচলায় ১২টি দর্শক নন্দিত প্রযোজনা ৭টি সফল নাট্যোৎসব। ঢাকা, ঢাকার বাইরে, দেশের বাইরে, প্রায় পাঁচ শত প্রদর্শনীর মধ্য দিয়ে দর্শক ভালোবাসায় সিক্ত হয়ে প্রাঙ্গণেমোর আজ লক্ষ লক্ষ ভক্ত দর্শকেরও ভালো লাগার, ভালোবাসার নাটকের দল।
 
ইত্তেফাক/আনিসুর