‘বিএনপি ভিশন-২০৩০ নামে ধান্ধাবাজির কর্মসূচি দিয়েছে’

আপডেট : ০৬ মে ২০১৭, ১৮:২২
খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত যদি আবার ক্ষমতায় আসে তবে আহসান উল্লাহ মাস্টারের মত আওয়ামী লীগের সৎ ও আদর্শবান নেতাদের হত্যা করবে। 
 
বিএনপি আবারো ২০৩০ সালের ভিশন নামে নতুন ধান্ধাবাজির কর্মসূচি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে আসার জন্য বিএনপিকে কোন রকম তোষামোদ করা হবে না। 
 
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ আয়োজিত এক আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 
 
‘সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা ও স্মরণ সভার মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। 
 
পরিষদের সভাপতি এডভোকেট আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতাউর রহমান। এ ছাড়া আলোচনায় অংশ নেন গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আখতারউজ্জামান, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া, দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক স্বপন কুমার সাহা প্রমুখ। 
 
কামরুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায় থেকে বারবার নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে আহসান উল্লাহ মাস্টার যখন দেশ ও জাতির জন্য কাজ করে জননেতা হয়ে ওঠেন তখন তাকে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হত্যা করে। জননেতা হিসেবে তার অবদান দেশবাসী কোনদিন ভুলবে না। 
 
নতুন ধান্ধাবাজির কর্মসূচি দিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করার নানা কৌশল করছে। কিন্তু তা কোন দিন সফল হতে দেয়া যাবে না। বাসস
 
ইত্তেফাক/ইউবি