কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিএনপির কর্মীসভায় হাতাহাতি

আপডেট : ০৬ মে ২০১৭, ১৯:১৪
 
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে শনিবার বরিশাল উত্তর জেলা শাখার দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোঁড়াছুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। দুই গ্রুপের চেয়ারে ছোঁড়াছুড়ির পর এক ঘণ্টা ওই সভা বন্ধ ছিল।
 
শনিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উত্তর জেলা বিএনপির কর্মীসভার পূর্বনির্ধারিত সময় থাকলেও দু'ঘণ্টা পর শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সভা শুরুর দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সমর্থকদের মধ্যে তুমুল হট্টগোল বাধে।
 
নিজেদের সমর্থকরা পরস্পর নেতার বিরুদ্ধে বিষোদগার করে নানা আপত্তিকর শ্লোগান দিতে থাকে। একপর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর কর্মীসভা শুরু হয়।
 
সভায় প্রধান অতিথি মির্জা আব্বাস বক্তব্যে বলেন, 'হত্যা-গুম, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মামলা দিয়ে হয়রানির সমস্ত দেনা পাওনা বর্তমান সরকারকে দিতে হবে। সরকার সঠিক নির্বাচন কখনও দিবেনা, বর্তমান সরকার লুটপাটের সরকার।' দেশে আইনের শাসন নেই বলেও মির্জা আব্বাস উল্লেখ করেন।
 
সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেসবাহ উদ্দিন ফরাদ। বিশেষ অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান, যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুর হক চাঁন প্রমুখ।
 
দুই গ্রুপের হট্টগোল সম্পর্কে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন পিপিএম জানান- গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করে। বিএনপি'র নেতাদের সর্তক করে দেওয়া হয়েছে। নগরীতে এ নিয়ে কোন সংঘাত হলে দায়ভার নেতাদের গ্রহণ করতে হবে।
 
ইত্তেফাক/জামান