গাংনীতে ভ্যানে ওড়না জড়িয়ে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৬ মে ২০১৭, ২১:৪৫
 
ইঞ্জিন চালিত পাখি ভ্যানের (স্থানীয় যান) চাকায় ওড়না জড়িয়ে গিয়ে আজরা সাদিয়া (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।
 
নিহত আজরা সাদিয়া মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী জানান, স্কুল শেষে দুপুর ১টার দিকে বামুন্দী হয়ে ওই ভ্যানে চেপে বাড়ি ফিরছিল। পথে দেবীপুর বাজারের কাছে গিয়ে ভ্যানের চাঁকার সঙ্গে জর্জেট ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে যায়।
 
পরে স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান