ঘিওর উপজেলার পয়লা, সিংজুরী ইউনিয়ন-দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নসহ তেরশ্রী বড়পয়লা খালের ওপর তৈরি ব্রিজের গোড়ায় মাটি না থাকায় বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে মানুষকে। এতে যানবাহনসহ জনগণের যাতায়াতে মারাত্মক সমস্যা হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
এ সড়ক দিয়ে তিনটি ইউনিয়নের প্রায় সাত-আট হাজার লোক যাতায়াত করে।
জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরের (এডিপি) এর অর্থায়নে কিছু বরাদ্দ দিয়ে ব্রিজের তিনটি পায়া তৈরি করা হয়। পরবর্তীতে ২০১৪-১৫ অর্থবছরে (এডিপি) এর অর্থায়নে আবারো কিছু বরাদ্দ দিয়ে বাকি তিনটি পায়া তৈরি করা হয়। শেষে ২০১৫-১৬ অর্থবছরের (এলজিএসপি-২) এর অর্থায়নে ব্রিজের রেলিংসহ পাটাতনের কাজ করে ব্রিজটি নির্মাণ করে। কিন্তু বর্তমানে ব্রিজের দু’পাশের মাটির কাজ বাকি থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সঙ্গে এ সড়কের প্রায় এক কি.মি. রাস্তা খানাখন্দে বিভিন্ন স্থান গর্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান জানান, ব্রিজের গোড়ার মাটি এবং রাস্তাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিদর্শন করেছি। প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। ব্রিজের গোড়ার মাটির ব্যবস্থা অতিদ্রুত করা হবে।
ইত্তেফাক/নূহু
