পিরোজপুরে দলীয় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

আপডেট : ০৭ মে ২০১৭, ১৬:১১
 
ছাত্রলীগের ইউনিয়ন কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পিরোজপুর সদর থানার কদমতলায় সাকিব (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। শনিবার রাতে ঐ ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ী ব্রিজের কাছে মতি খানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
নিহত সাকিব অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আলতাফ হোসেনের ছেলে এবং পিরোজপুর ফাযিল মাদ্রাসার ছাত্র। সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, সংগঠনের কমিটি গঠনের উদ্দেশে সমর্থন সংগঠিত করতে রাতে দলীয় নেতাকর্মীদের সাথে সাকিব ঐ এলাকায় যায়। রাত নয়টার দিকে প্রতিপক্ষের কতিপয় কর্মী তাদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় লাঠির আঘাতে সাকিব গুরুতর আহত হলে সাথের লোকজন পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত চারটার দিকে সাকিব মারা যান।
 
পুলিশ সূত্রে আরো জানা যায়, নিহত সাকিব কদমতলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হানিফ খানের সমর্থক এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুক্তার সমর্থক ছাত্রলীগ কর্মীদের আক্রমণে তিনি নিহত হয়েছেন।
 
এদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু সাংবাদিকদের জানান, কদমতলা ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠনের কোনো কমসূচী নাই। কে বা কারা সেখানে এ উদ্যোগ নিয়েছিল তাও জেলা কমিটির জানা নাই। সাকিবের নিহত হওয়ার দায়দায়িত্ব ছাত্রলীগ বহন করে না।
 

ইত্তেফাক/এএম।