লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের হামলায় আহত বাবা শামছুদ্দিন ড্রাইভারের (৭২) মৃত্যু হয়েছে। সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ মান্দারী গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান। পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে বেলাল আহমেদ ও তার ছেলে পিন্টু ওরফে পিনা পলাতক রয়েছেন।
নিহতের পরিবার ও মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম জানান, পারিবারিক জমি নিয়ে শুক্রবার (৫ মে) রাতে শামছুদ্দিন ও তার ছেলেদের সঙ্গে বৈঠক হয়। এ সময় বড় ছেলে বেলাল ও তার ছেলে পিন্টু উত্তেজিত হয়ে শামছুদ্দিনকে মারধর করেন। এতে তার চোখে গুরুতর আঘাত পান। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার উদ্দেশে শনিবার (৬ মে) রাতে ওই হাসপাতাল থেকে শামছুদ্দিনের মেয়ে রওশনারা বেগমের লক্ষ্মীপুর পুলিশ লাইন্সের পাশের বাড়িতে তাকে নিয়ে আসা হয়। রবিবার সকালে তিনি মারা যান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান বলেন, ঘটনাটি অমানবিক। ছেলের হামলায় নিহত বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই
