বিএনপিই নিজেদের সমাবেশে বাধা দিচ্ছে : ওবায়দুল কাদের

আপডেট : ০৭ মে ২০১৭, ১৬:৪৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে সভা-সমাবেশ করতে সরকার বাধা দিচ্ছে না, তারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছে।
 
রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজনামচা বই বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও মহানগর দক্ষিণ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।
 
ওবায়দুল কাদের বলেন, ‘ বিএনপির সভা-সমাবেশে সরকার নয়, অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে তারা নিজেরাই নিজেদের বাধা দিচ্ছে। বিএনপির এক নেতা আরেক নেতাকে সরকারের এজেন্ট বলছে। তারা নিজেরাই নিজেদের দলীয় কার্যালয়ে মারামারি করছে।’
 
বিএনপি বর্তমানে জাতীয়তাবাদী নালিশী পার্টিতে পরিনত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিকে বলে তারা নির্বাচনে যাবে না। আবার তারা বলে নির্বাচনে জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা করতে হবে।
 
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দিকে বলে নির্বাচনে যাবেন না, আবার তিনি বলেন তিনশ’আসনে তাদের ৯শ’ প্রার্থী। আর এ কথা বলার সঙ্গে সঙ্গে তাদের দলে অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি