স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার স্থানীয় সরকারের সকল পর্যায়ে গণতান্ত্রিকভাবে নির্বাচন চালু করেছে। দেশকে উন্নয়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হলে এই নির্বাচিত জনপ্রতিনিধিদের দক্ষ করে গড়ে তুলতে হবে।
আজ রবিবার সচিবালয়স্থ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) পরিচালনা বোর্ডের ৪৬তম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটকে (এনআইএলজি) আধুনিকায়নের মাধ্যমে একটি যুগোপযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সরকারের সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
এনআইএলজিকে গুণগত গবেষণা কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে নির্দেশনা দিতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, ষাট হাজারেরও বেশি নির্বাচিত জনপ্রতিনিধি যদি একযোগে দেশের জন্য কাজ শুরু করেন তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাসস।
ইত্তেফাক/এমআই
